![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সভায় জাইমাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে, ভোট কার্যক্রমের অগ্রগতি জানতে এবং দিকনির্দেশনা দিতে দেখা গেছে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।
রাজনীতিতে তার আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও, জাইমা রহমান ছোটবেলা থেকেই দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যেতেন।
দলের শীর্ষ নেতাদের মতে, ব্যারিস্টারি সম্পন্ন করার পর দলীয় গুরুত্বপূর্ণ সভায় তার অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অনেকে মনে করছেন, দেশ-বিদেশে দলীয় কার্যক্রমে তার সম্পৃক্ততা বিএনপির সাংগঠনিক সক্ষমতা এবং আন্তর্জাতিক যোগাযোগ শক্তিকে আরও এগিয়ে নেবে।
জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি শেষ করার পর থেকেই তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
পাঠকের মন্তব্য