
যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্তদের স্থায়ী বসবাসের আবেদন করতে এখন ২০ বছর অপেক্ষা করতে হবে—এমনই নতুন নীতি ঘোষণা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ছোট নৌকায় করে আসা অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা কমাতে সরকার আশ্রয় নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তরা কেবল অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি পাবেন, এবং তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। তাদের নিজ দেশ পরবর্তীতে নিরাপদ বিবেচিত হলে ফেরত পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
বর্তমানে পাঁচ বছরের শরণার্থী মর্যাদা শেষে স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ থাকলেও, নতুন নীতিতে মর্যাদার প্রাথমিক মেয়াদ কমিয়ে ২ বছর ৬ মাস করা হবে এবং প্রতি দুই বছর পর পর পুনর্বিবেচনা করা হবে। স্থায়ী বসবাসের আবেদন করার সময়সীমা বাড়িয়ে করা হবে ২০ বছর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এসব পরিবর্তনের মূল বার্তা হলো—অবৈধভাবে দেশটিতে না আসার অনুরোধ। ডেনমার্কের কঠোর নীতিকে অনুসরণ করেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে লেবার পার্টির ভেতরে কিছু আপত্তি উঠতে পারে, আর রিফিউজি কাউন্সিল এই নীতিকে ‘কঠোর ও অপ্রয়োজনীয়’ বলে সমালোচনা করেছে।
পাঠকের মন্তব্য