![]()
ডেস্ক রিপোর্ট প্যারিস
বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড সেলিও (celio) বাংলাদেশের পোশাক খাতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশ নেন সেলিও’র বাংলাদেশি ২০ জন গার্মেন্টস সরবরাহকারী প্রতিনিধি।
সেলিও’র আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর পরিচালক নাফিস-উদ-দৌলা ও শাহ রায়িদ চৌধুরী, যারা সংগঠনের পক্ষে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।
সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল সেলিও ও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মধ্যে অংশীদারিত্ব জোরদার, উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং ভবিষ্যৎ সোর্সিং সুযোগ নিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
বিজিএমইএ পরিচালকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, উচ্চমূল্যের ও উদ্ভাবনী পোশাক উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা দ্রুত বাড়ছে। তারা বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উৎপাদন ও চক্রাকার অর্থনীতি (circularity) গড়ে তোলার অগ্রগতির দিকগুলো তুলে ধরেন।
বর্তমানে সেলিও তাদের মোট সোর্সিংয়ের ৭০ শতাংশই বাংলাদেশ থেকে করে থাকে, এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়ানোর আগ্রহ জানিয়েছে। এটি বাংলাদেশের পোশাক খাতের মান ও আন্তর্জাতিক সুনামেরই প্রতিফলন।
সেলিও’র শীর্ষ কর্মকর্তারা—
মার্ক গ্রসম্যান (প্রতিষ্ঠাতা), সেবাস্তিয়ান বিস্মুথ (প্রেসিডেন্ট), ডেভিড টেবুল (সিওও), ডেভিড হারমেলিন (ব্র্যান্ড ডিরেক্টর), লরেন্স লেভি (গ্রুপ কর্পোরেট ডিরেক্টর), মরগান দেলেমাজুর (অফার ও বাইয়িং ডিরেক্টর), পেত্রোনিল রিকার্ড (সিএসআর ডিরেক্টর) এবং লুসি অ্যাবট (কান্ট্রি হেড) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানটি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ইউরোপীয় বাজারে নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি টেকসই ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে
পাঠকের মন্তব্য