![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং সামরিক সেবা বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিভিন্ন দেশের শহরগুলোতে রাস্তায় নেমে নিজেদের দাবি তুলে ধরেন তরুণেরা। ফ্রান্সের সাম্প্রতিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, অন্তত ২৫টি দেশে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ পালিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।
ফ্রান্সের সাম্প্রতিক আন্দোলনের তুলনায় শুক্রবারের কর্মসূচিতে উত্তেজনা ছিল তুলনামূলক কম। বিভিন্ন দেশে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন অংশগ্রহণকারীরা। জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি সংগঠন কর্মসূচির আয়োজন করে। দেশটির ৭৩টি শহর ও নগরে সংগঠনটি বিক্ষোভের ডাক দিয়েছিল। জার্মান ভাষায় ‘জেন-জি রেগেল্ট’ শব্দের অর্থ ‘জেন-জি দায়িত্ব নিচ্ছে’।
কোলন শহরের একটি কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ইয়াসমিন হামাদি। শিক্ষাব্যবস্থায় ব্যয় সংকোচনের বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। ইয়াসমিন বলেন, “আমার বিশ্ববিদ্যালয়, স্কুল কিংবা সামগ্রিক শিক্ষাব্যবস্থা, সব জায়গায় ব্যয় সংকোচন করা হচ্ছে। এতে আমি মোটেও খুশি নই।”
পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, “এজন্যই পরিবর্তনের দাবিতে অবস্থান নিতে এখানে এসেছি। কারণ এভাবে চলতে পারে না।”
পরিবর্তনের দাবিতে তরুণদের ঐক্য
বেশির ভাগ দেশে বিক্ষোভকারীর সংখ্যা কয়েক শ থেকে কয়েক হাজারের মধ্যে ছিল। তবে ইতালিতে কর্মসূচির ব্যাপ্তি ছিল তুলনামূলক বড়। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মজুরি বৃদ্ধি এবং জনসেবা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন তারা।
এর আগে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন আরও বড় আকার ধারণ করেছিল। ওই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। অন্যদিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের পর ভোটাভুটিতে ক্ষমতা হারান দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ। আলবেনিয়াতেও একই সময়ে রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে।
ইতালির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সেখানে বক্তব্য দেন দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএলের নেতা মাউরিজিও ল্যান্ডিনি। তিনি বলেন, “আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেবল ইতালিতে নয়, পুরো ইউরোপেই তরুণেরা রাস্তায় নেমেছেন।”
পরিবর্তনের দাবির প্রসঙ্গে মাউরিজিও ল্যান্ডিনি আরও বলেন, “ইউরোপজুড়ে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।”
শিক্ষা থেকে জলবায়ু, নানা দাবিতে বিক্ষোভ
শুক্রবারের কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবির পরিধি ছিল বেশ বিস্তৃত। স্কুলের তহবিল বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
বিক্ষোভে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে সামরিক খাতে ব্যয় কমানোর দাবিও তুলে ধরা হয়। একই সঙ্গে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
জার্মানির রাজধানী বার্লিনের আলেকজান্ডারপ্লাৎস চত্বরে প্রায় চার হাজার মানুষ সমবেত হন। কোলন শহরের কর্মসূচিতে পাঁচ হাজার মানুষের উপস্থিতি প্রত্যাশা করেছিল পুলিশ। শেষ পর্যন্ত সেখানে প্রত্যাশার তুলনায় কম মানুষ এলেও কয়েক হাজার অংশ নেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি কর্মসূচিতে যোগ দেন ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইভলিন বলেন, “জেন-জি প্রজন্মের অনেকেই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। জীবনযাত্রার ব্যয়, আসন্ন জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের ফলে কয়েক শ কোটি মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা নিয়ে আমরা চিন্তিত।”
বর্তমান সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইভলিন। তিনি বলেন, “বর্তমানে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের হাতেই যদি সব সিদ্ধান্ত ছেড়ে দিই, তবে আমাদের জন্য এক মৃত্যুর ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
এদিকে ইংলিশ চ্যানেলের ওপারে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও কয়েক শ মানুষ বিক্ষোভে অংশ নেন। সেখানে এক বিক্ষোভকারীর হাতে থাকা কার্ডবোর্ডে লেখা ছিল, “আমি ক্লাস ফাঁকি দিইনি, বেঁচে থাকার তাগিদে কাজ করছিলাম।”