![]()
ইবি রিপোর্ট
চট্টগ্রামে অপরাধনির্ভর রাজনীতির পুনরুত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অতীতে দেশের সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিরাই আবার অর্থনৈতিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শুক্রবার বন্দরনগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
আমীর খসরু বলেন, অতীতে দেশের সম্পদ লুটপাটের মূল্য এখনো সবাইকে দিতে হচ্ছে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তারা বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না। দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতেও তাদের আগ্রহ নেই।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। প্রত্যেককে নিজের অবস্থান থেকে জাতীয় অর্থনীতির অগ্রগতিতে অবদান রাখতে হবে। অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপরাধীরা সক্রিয় হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, সরকারের স্বার্থে নয়, এসব উদ্যোগ নেওয়া হচ্ছে সবার কল্যাণে। দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়েই অর্থনৈতিক অগ্রগতির পথে এগোতে হবে। অতীতে অল্প কয়েকজনের হাতে অর্থনীতি কেন্দ্রীভূত ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নের পক্ষে কাজ করছে সরকার।
আমীর খসরু বলেন, রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনীতিরও গণতন্ত্রায়ন প্রয়োজন। দেশের প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে দেশে স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। স্থিতিশীল পরিবেশ থাকলে অর্থনীতিতে দ্রুত অগ্রগতি অর্জন সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে কাজ করে যাবেন তারা। নগরীতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব প্রতিষ্ঠার জন্যও তিনি আহ্বান জানান।
তিনি বলেন, একসময় সিটি করপোরেশন বড় অঙ্কের ঋণের চাপে ছিল। সেই দায়দেনা পরিশোধ করে বর্তমানে ১৫০ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। নগর সরকারের অনুপস্থিতিকে চট্টগ্রামের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগে এ ধরনের ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা বিলুপ্ত করেছিল। চট্টগ্রামকে নগর সরকারের আওতায় আনার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো চট্টগ্রাম একজন অর্থমন্ত্রী পেয়েছে। ব্যবসায়ীরা প্রায়ই হয়রানির বিষয়ে তাদের কাছে উদ্বেগ জানান। নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রাম বিমানবন্দর, বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর পরিকল্পনা জানতে চান। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় তিন ঘণ্টায় নামিয়ে আনা গেলে আকাশপথে চাপ কমবে। পাশাপাশি চট্টগ্রামে মেলা আয়োজনের জন্য স্থায়ী ভেন্যু প্রতিষ্ঠার বিষয়েও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মেলার চেয়ারম্যান ও সিসিসিআই পরিচালক এস এম সাইফুল আলম বলেন, চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী মেলাটি আয়োজনের জন্য নিরলসভাবে কাজ করেছেন। মাসব্যাপী এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা চান তিনি। পাশাপাশি চট্টগ্রামের বাসিন্দাদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিসিআইয়ের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী এবং সহসভাপতি মাশিউল আলম স্বপন।
এবারের মেলায় ভারত, থাইল্যান্ড, চীন ও পাকিস্তানের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মোট ৩১০টি কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। আয়োজনে থাকছে ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, একটি সহযোগী দেশীয় অঞ্চল এবং ২১৬টি প্রিমিয়ার স্টল।
দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য মেলায় নারী উদ্যোক্তাদের শিল্পাঞ্চল, তথ্যপ্রযুক্তির জন্য আচ্ছাদিত অঞ্চল এবং শিশুদের বিনোদনে চিলড্রেন ওয়ার্ল্ড রাখা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।