![]()
ইবি রিপোর্ট
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। ফুটেজে ওই যুবককে দেখা গেলেও তাঁর মুখ কালো মাস্কে ঢাকা থাকায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
নিরাপত্তাপ্রাচীর টপকে ব্যাংকের ভেতরে প্রবেশ করে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কী কারণে ওই যুবক আগুন দিয়েছেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না কিংবা ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য