![]()
ইবি রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই এবং গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব দেখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, দলটির কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটির নেতাকর্মীরা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রীর দাবি, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি নেই। এসব বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। দলটির সাংগঠনিক তৎপরতা না থাকলেও আলোচনায় আসার জন্য তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, দলটি দেশের যে ক্ষতি করে গেছে, তাতে ভবিষ্যৎ নষ্ট হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ক্ষতির দায়ভার না থাকলেও সরকারকে দেশের দায়িত্ব নিতে হচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ ছাড়া বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে দাবি করেন তিনি।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মন্তব্য