![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের সংবাদমাধ্যমে জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিবেদনগুলোতে আর্থিক ক্ষয়ক্ষতি, তহবিল ও অবকাঠামোর বিষয়ই বেশি গুরুত্ব পাচ্ছে। বিপরীতে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা উঠে আসছে প্রতি ১০টি প্রতিবেদনের মাত্র একটিতে। অর্ধেকেরও বেশি প্রতিবেদনে প্রান্তিক জনগোষ্ঠীর কোনো বক্তব্য বা উপস্থিতি নেই।
দেশের ১২টি শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত ১৫০টি প্রতিবেদন বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী সাসটেইনেবিলিটি অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন-এ প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও কুষ্টিয়ার কৃষকের বাতিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সাগর এবং তুরস্কের দোকুজ এইলুল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো শরিফুল ইসলাম।
গবেষণার জন্য ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত ১২টি সংবাদমাধ্যমের সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ৬০ শতাংশ প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে আর্থিক ক্ষয়ক্ষতি, জলবায়ু অর্থায়ন, কৃষি উৎপাদন ও অবকাঠামোর দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য ও পরিবেশগত পরিবর্তন নিয়ে প্রকাশিত প্রতিবেদন ছিল ৩০ শতাংশ। অন্যদিকে বাস্তুচ্যুতি, নারীর স্বাস্থ্য ও শিশুর শিক্ষার মতো মানবিক বিষয় উঠে এসেছে মাত্র ১০ শতাংশ প্রতিবেদনে।
সংবাদে ব্যবহৃত তথ্যসূত্রের ক্ষেত্রেও প্রান্তিক মানুষের উপস্থিতি কম। গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশ প্রতিবেদনে সরকারি কর্মকর্তারা ছিলেন প্রধান তথ্যসূত্র। বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের বক্তব্য ব্যবহার করা হয়েছে ৩০ শতাংশ প্রতিবেদনে। বেসরকারি সংস্থা (এনজিও) ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সূত্র হিসেবে ছিলেন ১৭ শতাংশ প্রতিবেদনে। আর কৃষক, জেলে, জলবায়ু-উদ্বাস্তু ও স্থানীয় বাসিন্দারা প্রধান তথ্যসূত্র হয়েছেন মাত্র ১৩ শতাংশ প্রতিবেদনে।
গবেষণার তথ্য অনুযায়ী, ৫৭ শতাংশ প্রতিবেদনে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি উল্লেখ পাওয়া যায়নি। গ্রামীণ ও উপকূলীয় জনগোষ্ঠীর কথা এসেছে ২০ শতাংশ প্রতিবেদনে। নারীর উপস্থিতি ছিল ১২ শতাংশে, জলবায়ু-উদ্বাস্তুদের কথা ছিল ৮ শতাংশে এবং আদিবাসী জনগোষ্ঠীর উল্লেখ পাওয়া গেছে মাত্র ৩ শতাংশ প্রতিবেদনে। যেসব প্রতিবেদনে এসব জনগোষ্ঠীর কথা এসেছে, সেখানেও অনেক ক্ষেত্রে তাদের অসহায় ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদনের বিষয়বস্তুর বিশ্লেষণে দেখা যায়, ৭০ শতাংশ প্রতিবেদন নির্দিষ্ট ঘূর্ণিঝড় বা বন্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিপরীতে মাত্র ৩০ শতাংশ প্রতিবেদনে এসব ঘটনাকে জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রক্রিয়া ও কাঠামোগত দুর্বলতার সঙ্গে সম্পর্কিত করে তুলে ধরা হয়েছে। ফলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি চলমান সংকটের বদলে বিচ্ছিন্ন দুর্যোগের ঘটনা হিসেবে পাঠকের সামনে আসছে।
গবেষণার বিষয়ে হোসাইন মোহাম্মদ সাগর বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু টাকার অঙ্কে মাপা ক্ষতির হিসাব নয়; এর পেছনে আছে ঘর হারানো পরিবার, স্কুল হারানো শিশু আর জীবিকা হারানো কৃষক ও জেলে। যারা সংকটের সবচেয়ে কাছে আছেন, তাদের কথা খবরের কেন্দ্রে না এলে সমাধানের আলোচনাও অসম্পূর্ণ থেকে যাবে।’
গবেষকদের মতে, জলবায়ু অর্থায়ন নিয়ে দর-কষাকষিকে বাংলাদেশ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে নিয়েছে। অন্যদিকে সংবাদমাধ্যমের মনোযোগ মূলত শহুরে ব্যবসায়ী ও নীতিনির্ধারক পাঠকের দিকে। পাশাপাশি বার্তাকক্ষগুলোও সীমিত সম্পদ নিয়ে কাজ করছে। এসব কারণে জলবায়ু পরিবর্তনবিষয়ক সংবাদে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বেশি প্রাধান্য পাচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রতিবেদনের কেন্দ্রে রাখা, প্রতিটি দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতা ও সুশাসনের ঘাটতির সম্পর্ক তুলে ধরা এবং স্থানীয় অভিযোজন কৌশল নিয়ে সমাধানমুখী প্রতিবেদন বাড়ানো। একই সঙ্গে বৈজ্ঞানিক তথ্য, স্থানীয় জ্ঞান ও নীতিনির্ধারণের বিষয়গুলো সমন্বিতভাবে উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। সাংবাদিকতা শিক্ষা ও প্রশিক্ষণেও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু প্রতিবেদন তৈরির বিষয়টি যুক্ত করার সুপারিশ করেছেন গবেষকেরা।
গবেষকেরা জানিয়েছেন, এই বিশ্লেষণে শুধু ছাপা ও অনলাইন সংবাদপত্রের প্রতিবেদন বিবেচনা করা হয়েছে। টেলিভিশন ও রেডিওর সংবাদ এর আওতায় ছিল না।