![]()
ইবি রিপোর্ট
এসএসসির ফল পুনর্নিরীক্ষণে পরিবর্তন আসায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কাছে কয়েক দিন সময় বাড়ানোর প্রস্তাব দেবেন তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর নির্ধারণ করেছেন। অন্যদিকে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে অনেক শিক্ষার্থীর পরীক্ষার ফল পরিবর্তিত হতে পারে। যাদের ফল উন্নত হবে, তারাও যেন ভর্তির আবেদন করতে পারে, সে ব্যবস্থা প্রয়োজন। এ কারণে আবেদনের সময়সীমা কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন বলে জানান তিনি।
এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫২ শতাংশ। শিক্ষার্থীদের ফল আশানুরূপ না হওয়ায় খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তিত হয়েছে। তাদের মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জনের জিপিএ বেড়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ১৯৮০ সালের প্রচলিত আইনে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। চলতি বছর জাতীয় সংসদে আইন সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন পুনর্নিরীক্ষণের সুযোগ পাচ্ছে। পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। এই পরীক্ষার দ্বিতীয় ধাপ আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে।
দেশে উচ্চশিক্ষার জন্য বর্তমানে প্রায় ১৫ লাখ আসন রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখ। দেশে ৫৭টি সরকারি এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটের মতো প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম চালু রাখতে হবে। পুনরায় পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় এসব প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া আটকে রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট নিরসনের বিষয়েও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। জীবনের সবচেয়ে দীর্ঘ সময় এই বিশ্ববিদ্যালয়েই কাটিয়েছি। চার বছরের কোর্স শেষ করতে আমার আট বছরেরও বেশি সময় লেগেছিল। আশা করি, ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।’
তিনি আরও বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়ের মূল্য দিতে হবে।
আগের সরকারের শিক্ষা খাতের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতটা উদাসীন ছিল, তা অবিশ্বাস্য। দপ্তরে বসে তাদের কর্মকাণ্ড দেখলে বিষয়টি বিশ্বাস করাও কঠিন।
শিক্ষার্থীদের বয়স অনুযায়ী শিক্ষাজীবন শেষ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাধারণভাবে ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু প্রশাসনিক জটিলতায় অনেকের এসএসসি পাস করতে ১৭ বছর লাগে। উচ্চমাধ্যমিক শেষ করতেও কারও কারও ২০ বছর হয়ে যায়। এতে শিক্ষার্থীদের জীবন থেকে দুই বছর হারিয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রীর হিসাব অনুযায়ী, ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর নষ্ট হলে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশের জনমিতিক লভ্যাংশ থেকেও বড় ক্ষতি হয়।
তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ শুরু করার পরিকল্পনা রয়েছে। এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা ও ফল প্রকাশের পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে চায় সরকার।
এদিকে শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণায় সরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বর্তমানে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত বছর এই বরাদ্দ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর অনুরোধে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে এলে আরও অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। এ ছাড়া ইউজিসির অধীনে প্রায় পাঁচ হাজার কোটি টাকার হিট প্রকল্পের মাধ্যমেও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।