![]()
ইবি রিপোর্ট:
নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদন ও উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে প্রায় ১২ লাখ ৯২ হাজার টাকা। সৌরবিদ্যুতের ব্যবস্থা না থাকলে যে পরিমাণ বিল দিতে হতো, তার তুলনায় এই সাশ্রয়ের হার প্রায় ৬২ শতাংশ।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের বিদ্যুৎ বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিং পদ্ধতিতে বিল সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে। এতে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকায়।
অধিদপ্তরের হিসাবে, নির্ধারিত সময়ে ১৪টি কেন্দ্রের সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট সরাসরি কেন্দ্রগুলোর নিজস্ব কাজে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত বিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে কেন্দ্রগুলো, আর প্রায় ৫৭ শতাংশ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।
সৌরবিদ্যুতের এই ব্যবস্থা চালু রয়েছে তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ মেইল প্রসেসিং সেন্টারে। এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায়। প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ টাকা। ভবন নির্মাণের পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রগুলো চালু করা হয়েছে। অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্ত করা হয়েছে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুফল কেবল বিদ্যুৎ বিল কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকেও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। তাঁর মতে, নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারলে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী করে তোলা সম্ভব।
তিনি আরও জানান, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা দেখিয়েছে, সরকারি প্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করেও সরকারি অর্থ সাশ্রয় করতে পারে। এ ধরনের ব্যবস্থা অন্য সরকারি দপ্তরগুলোর জন্যও অনুসরণযোগ্য হতে পারে।
হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ না থাকলে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা ধরে এর সম্ভাব্য বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে হিসাব সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা।
এই হিসাবের ভিত্তিতে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে। এর মধ্যে নিজস্ব ব্যবহারের সৌরবিদ্যুৎ থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে।
অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পরিবেশগত দিক থেকেও উদ্যোগটির প্রভাব রয়েছে। দেশের জাতীয় গ্রিডের বিদ্যুতের বড় অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর হওয়ায় সৌরবিদ্যুতের ব্যবহার কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাবে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই হার ধরে হিসাব করলে ১৪টি কেন্দ্রের উৎপাদিত সৌরবিদ্যুতের কারণে আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হয়েছে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদন পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। ফলে কেন্দ্রগুলোর কার্যক্রম সচল রাখতে তখন জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য বলছে, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, আবহাওয়াজনিত কারণে সৌরবিদ্যুৎ উৎপাদন কমে গেলে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তা সত্ত্বেও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সাশ্রয়ের পরিমাণ আরও বাড়তে পারে বলেও তিনি মনে করেন।
কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম চালুর পরিকল্পনা ছিল ২০২২ সালের জুলাই থেকে। তবে প্রযুক্তিটি দেশে তুলনামূলক নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর সেগুলো চালু অবস্থায় নিতে সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র সংগ্রহ করতে হয়েছে। একই সময়ে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় উৎপাদিত বিদ্যুতের হিসাব রাখা এবং জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।
মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, শুরুতে অনুমোদন ও আর্থিক সমন্বয়সংক্রান্ত প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও এখন কার্যক্রম পরিচালনার পথ তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্য স্থাপনাগুলোতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
এদিকে সরকারি স্থাপনাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের উদ্যোগ এগিয়ে চলছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
ডাক বিভাগের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা দেখাচ্ছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন শুধু বিদ্যুৎ বিল কমানোর পথ নয়; পরিকল্পিত ব্যবহার, নেট মিটারিং এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে সরকারি সেবা ব্যবস্থার অংশ করা সম্ভব। সরকারি ভবনগুলোতে এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ ও কার্বন নিঃসরণ কমাতেও সহায়ক হতে পারে।
পাঠকের মন্তব্য