![]()
ইবি রিপোর্ট
চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে আয় ও মুনাফা দুটোতেই প্রবৃদ্ধি অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭৭ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৩৭ কোটি ১৪ লাখ টাকা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ২৪৪ কোটি টাকা।
আগের হিসাব বছরের একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় ছিল ২ হাজার ১৫৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮৫ কোটি টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফাতেও প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পরিচালন মুনাফা হয়েছে ৭৬০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৭০২ কোটি টাকা।
এদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৮ টাকা ৩৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৩৫ পয়সায়।
এর আগে সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে এই আয় ছিল ২৭ টাকা ৪ পয়সা।
৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৭৮ টাকা ৯৯ পয়সায়। এর আগের ২০২৪-২৫ হিসাব বছরেও বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।
ওই হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস ছিল ২৭ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরে এই সূচক ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৫৭ টাকা ৮৮ পয়সায়।
এ ছাড়া ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছর ইপিএস হয়েছিল ২৩ টাকা ৬১ পয়সা। এর আগের ২০২২-২৩ হিসাব বছরে ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল পর্ষদ। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা।
অন্যদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) এই রেটিং প্রত্যয়ন করেছে।
৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রেটিং নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যও এতে অন্তর্ভুক্ত ছিল।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। এর পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ।
অন্যদিকে, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানিটির ১৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় অবশিষ্ট ২৮ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।