![]()
ইবি রিপোর্ট
দেশের অর্থনীতির আকার ও বিভিন্ন খাতের প্রকৃত অবদান নিরূপণে জিডিপি গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তি বছর ধরে মোট দেশজ উৎপাদনের হিসাব পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পাশাপাশি জাতীয় হিসাবের নির্ভরযোগ্যতা বাড়াতে পরিসংখ্যান ব্যবস্থায় বিগ ডেটা অন্তর্ভুক্তির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জাতীয় হিসাবের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে জিডিপির ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদন তৈরি করেছে বিশেষজ্ঞ কমিটি। ওই প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন ভিত্তি বছরে জিডিপি পুনর্নির্ধারণের জন্য প্রাথমিক জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে বাংলাদেশের জিডিপি হিসাবের ভিত্তি বছর হিসেবে ২০১৪-১৫ অর্থবছর ব্যবহার করা হচ্ছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ২০২৫-২৬ অর্থবছর হবে হিসাব নির্ধারণের নতুন ভিত্তি।
গতকাল বুধবার (১১ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের (এনএসিএস) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভায় এসব তথ্য জানানো হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় দেশের পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন এবং জিডিপির ফরেনসিক অডিটের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন এবং জাতীয় হিসাবের তথ্য সংগ্রহ পদ্ধতি উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে।
কর্মকর্তারা জানান, নতুন ভিত্তি বছর নির্ধারণের মাধ্যমে জাতীয় হিসাব প্রাক্কলনে হালনাগাদ তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে অর্থনীতির বিভিন্ন খাতের অবদান নিরূপণ আরও তথ্যনির্ভর হবে।
এদিকে আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের পরিসংখ্যান ব্যবস্থার সামঞ্জস্য বাড়াতে পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীর চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।
প্রস্তাবিত সংশোধনীতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম (এনএসএস) এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে। পাশাপাশি প্রশাসনিক উপাত্ত, বিগ ডেটা এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পরিসংখ্যানের মৌলিক নীতিমালা (এফপিওএস) যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
সভায় জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) ২০২৬-৩০ প্রণয়নের অগ্রগতিও তুলে ধরা হয়। বর্তমানে কৌশলপত্রটির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। সরকারের জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদের পাঁচ বছরভিত্তিক কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিষয়গুলোও বিবেচনায় রাখা হয়েছে।
পরিসংখ্যান সংগ্রহে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিবিএস। মাঠপর্যায়ে কম্পিউটার অ্যাসিস্টেড পারসোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ট্যাব ও কম্পিউটারের মাধ্যমে পাওয়া তথ্য নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের (এনওসি) ড্যাশবোর্ডে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে বিভিন্ন শুমারি ও জরিপের অগ্রগতি সরাসরি তদারকির সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া সব শুমারি ও জরিপের তথ্য এক জায়গায় সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (আইএসডিডব্লিউ) স্থাপনের মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় এই প্ল্যাটফর্মে উপাত্ত নিরাপদে সংরক্ষণের পাশাপাশি গবেষণা ও নীতিনির্ধারণে পুনর্ব্যবহারের সুযোগ থাকবে।
গবেষকদের জন্য বিবিএসে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব (এমএএল) স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন শুমারি ও জরিপের বিস্তারিত মাইক্রোডেটা বিশ্লেষণের সুযোগ পাবেন গবেষক ও তথ্য ব্যবহারকারীরা। একই সঙ্গে তথ্য ব্যবহারের সুযোগ সহজ করতে ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা-২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়নের তথ্য আরও নির্ভুল করতে কারিগরি কমিটি কাজ করছে। নমুনার আকার ও বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা এই কমিটিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) বিশেষজ্ঞরা রয়েছেন।
চালের বাজারমূল্য পর্যবেক্ষণ ও তথ্য যাচাইয়ের জন্য খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬, যাত্রীবাহী নৌযান শুমারি-২০২৬ এবং পর্যটন খাতের অর্থনৈতিক অবদান নিরূপণে মাঠপর্যায়ের কাজ চলছে।
সভায় পরিসংখ্যান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে স্থায়ী অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জনশুমারি, খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস), শ্রমশক্তি জরিপ (এলএফএস) এবং নমুনা ভাইটাল স্ট্যাটিস্টিকস রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) নিয়মিত পরিচালনায় সুরক্ষিত রাজস্ব বাজেট বরাদ্দের ওপর জোর দেওয়া হয়েছে। অনিয়মিত অর্থায়নের কারণে এসব জরিপের মান ও ধারাবাহিকতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া বিবিএস সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির প্রশাসনিক ও জনবল কাঠামো শক্তিশালী করার পাশাপাশি পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।