![]()
ইবি রিপোর্ট
তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) অংশ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় তাঁদের সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্যার এএফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকট, তরুণ প্রজন্মের ভাবনা এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁদের।
সম্মেলনে অংশ নিতে যাওয়া অন্য প্রতিনিধি হলেন হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর। ফেরদৌস সিদ্দিক সায়মন সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের (সিইজি) চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিবেশ ও জলবায়ু বিষয়ে দুজনের কাজের শুরু রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে। এবার আন্তর্জাতিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা ও নীতিনির্ধারণী কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন তাঁরা।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের কপ-৩১ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তুরস্ক সফর করবেন।
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, চলতি বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন পর্যাপ্ত না থাকায় সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে ধারণা করেছিলেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তাঁর অংশগ্রহণ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হয়।
সায়মনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী সহযোগিতার উদ্যোগ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌস সিদ্দিক সায়মন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশকে নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সমস্যার মুখোমুখি হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে কপ-৩১-এর মতো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাবেন দুই প্রতিনিধি।
সায়মন বলেন, এই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু কূটনীতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও সাউথ গ্লোবালভুক্ত দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।
তিনি বলেন, ‘এবারের কপ-৩১ সম্মেলনে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে সোচ্চার থাকব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান আদায়ের দাবিতে কণ্ঠ তুলব।’
পাঠকের মন্তব্য