![]()
ইবি রিপোর্ট
জাতীয় নির্বাচনে জনগণের ভোট পেলেও তা রক্ষায় দলীয় দুর্বলতা ছিল বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ আমাদের বলেন– ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না। তখন আমাদের বলতে হয়, আমাদের দুর্বলতা ছিল।” ভবিষ্যতে যেন একই ভুল আবার না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট রক্ষার প্রস্তুতি জোরদার করার ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেসব ভুল হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে পারলে একই ধরনের ভুল আর হবে না বলে তিনি আশা করেন।
শফিকুর রহমান নেতাকর্মীদের দিনরাত একাকার করে সিটি নির্বাচনে কাজ করার নির্দেশ দেন। তাঁর ভাষ্য, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর জামায়াতের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, একসময় রাজধানীতে দলটির অবস্থা অনেক দুর্বল ছিল। ত্যাগ, কুরবানি ও পরিশ্রমের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।”
রুকনদের উদ্দেশে বক্তব্যে তিনি আল্লাহর সাহায্য কামনার ওপরও জোর দেন। শফিকুর রহমান বলেন, আল্লাহর সাহায্য ছাড়া তাঁরা কিছুই করতে পারবেন না। এ জন্য প্রতি মুহূর্তে মহান আল্লাহর সহায়তা কামনা করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন হওয়া কোনো পদ-পদবি নয়; এটি জীবনের নীতি-নৈতিকতার মান। রুকন পরিচয়কে ক্ষমতা হিসেবে বিবেচনা করলে ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সংগঠনে রুকনের সংখ্যা বাড়ার পাশাপাশি তাঁদের গুণগত মান উন্নত করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকন গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচন করেন। এতে ২০২৭-২০২৮ মেয়াদের কমিটির আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
সম্মেলনে দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা পর্যালোচনা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট রক্ষা এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন জামায়াত আমির শফিকুর রহমান।
পাঠকের মন্তব্য