![]()
ইবি রিপোর্ট
পণ্য খালাসের প্রক্রিয়ায় জালিয়াতি প্রতিরোধ এবং শুল্ক-কর ও বন্দরের মাশুল পরিশোধ নিশ্চিত করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। এর মাধ্যমে পণ্যবাহী যানবাহন বন্দর থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো সহজেই পাওনা পরিশোধের তথ্য যাচাই করতে পারবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরের সেবাকে আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি ঠেকাতে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির ‘আর নম্বর’ ও ‘সিপি নম্বর’ যুক্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় ‘আর নম্বর’ ব্যবহার করে শুল্ক ও কর পরিশোধের তথ্য যাচাই করা যাবে। অন্যদিকে, ‘সিপি নম্বরের’ মাধ্যমে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।
বন্দর কর্তৃপক্ষের মতে, পণ্য সরবরাহ এবং গেট দিয়ে যানবাহন বের করার ক্ষেত্রে অনলাইন ই-চালান চূড়ান্ত নথি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই নথিতে পেমেন্ট যাচাইয়ের জন্য দুটি নম্বর যুক্ত হওয়ায় প্রযোজ্য সব শুল্ক, কর, ফি ও মাশুল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা সহজ হবে।
এতে পণ্যবাহী যানবাহন বন্দর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো পাওনা পরিশোধের তথ্য যাচাই করতে পারবে। ফলে পণ্য খালাসের প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি জালিয়াতি প্রতিরোধেও নতুন ব্যবস্থাটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নতুন সুবিধা ব্যবহার করে বন্দরের সেবা গ্রহণের জন্য আমদানিকারক, পণ্যগ্রহীতা, শিপিং এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টসহ সংশ্লিষ্ট সব ব্যবহারকারীর প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।