![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান উত্তর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউএফআইএল) নিজেদের মালিকানাধীন জমি ও ফ্ল্যাটের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণে পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে উত্তর ফাইন্যান্সের পাঁচটি সম্পত্তির সম্মিলিত হিসাবমূল্য ছিল ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। সম্পত্তিগুলো অধিগ্রহণের পর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পুনর্মূল্যায়ন করা হয়নি।
এবার সম্পত্তিগুলোর বর্তমান বাজারমূল্য নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত স্বনামধন্য ও যোগ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উত্তর ফাইন্যান্স। এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জে প্রয়োজনীয় তথ্য প্রকাশের বিষয়টিও বিবেচনা করা হবে।
তবে পুনর্মূল্যায়নের মাধ্যমে সম্পত্তিগুলোর মূল্য কত দাঁড়াবে, তা মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে