
স্টাফ রিপোর্টার
ক্রেতা-বিক্রেতার বাড়তি সাড়া এবং গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এর সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে শুরু হওয়া এ কার বাজার গত চার সপ্তাহ ধরে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলেছে। গতকাল শুক্রবার পঞ্চম সপ্তাহের আয়োজনে নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২৭টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা এ বাজারে পঞ্চম সপ্তাহে ৩৫০টিরও বেশি গাড়ি এসেছে। ফলে একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড, মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, গত চার সপ্তাহের আয়োজনের পর এবার পঞ্চম সপ্তাহে চলছে ‘সুপার সেল কার বাজার’। এরই মধ্যে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। গতকাল ৩৫০টিরও বেশি গাড়ি মেলায় এসেছে। আগের চার সপ্তাহের তুলনায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ও আগ্রহ বাড়ায় মেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
গতকাল বাজার ঘুরে দেখা যায়, মেলায় বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি রাখা হয়েছে। কেউ নতুন গাড়ি দেখছেন, আবার কেউ ব্যবহৃত গাড়ি কেনার আগে বিভিন্ন দিক যাচাই করছেন। পছন্দের গাড়ি চূড়ান্ত করার আগে অনেক ক্রেতাকে একাধিক মডেলের দাম, বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলনা করতে দেখা যায়।
এবারের আয়োজনে সাড়ে ৬ লাখ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পর্যন্ত দামের গাড়ি রয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফারও দিচ্ছেন বিক্রেতারা।
এশিয়ান ইমপোর্ট’সের আমদানি করা নতুন গাড়িও এবার মেলায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন ইভি কার যুক্ত করা হয়েছে। জাপানি ও চীনা—দুই ধরনের ইভি কারের পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়িও পাওয়া যাচ্ছে।
মেলায় রাখা ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে ব্যক্তিগত ব্যবহারের গাড়িও রয়েছে। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থেকে কিছু মালিক এসব গাড়ি বাজারে এনেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখা এবং সরাসরি কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতা ও বিক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। বাড়তি সাড়ার পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।