
ইবি রিপোর্ট
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ধরনের ফি বা চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে বাড়তি কোনো ফি দিতে হবে না।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো হচ্ছে। এ ব্যবস্থায় সাধারণ মানুষ যাতে সহজে ডিজিটালভাবে অর্থ লেনদেন করতে পারেন, সে জন্য বাংলা কিউআর কোডভিত্তিক সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও সহজেই কিউআর কোডের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষ কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজে টাকা গ্রহণ করতে পারবেন। এতে লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমবে এবং অর্থ লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।
তিনি বলেন, নতুন এই ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ, নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশেও এই আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সর্বজনীন করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার শুধু নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমাবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ডিজিটাল আর্থিক সেবার সুযোগ তৈরি হলে তারা আনুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবেন।
এ সময় অর্থমন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো ধরনের দ্বিধা ছাড়াই সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের মাধ্যমে একটি ক্যাশলেস ও আধুনিক অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য