
ইবি রিপোর্ট
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার ও সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাতে প্রায় ৫০ জন ব্যক্তি নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশ করেন। এ সময় তাদের কয়েকজন গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। পরে হামলাকারীরা প্রকল্প এলাকার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান।
একপর্যায়ে তারা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে প্রবেশ করেন। সেখানে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
কর্তৃপক্ষের হিসাবে, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, গত সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। মিজানুর রহমান (৫৯) কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা বলে জানা গেছে।
সবশেষ বুধবার সেগুনবাগিচা থেকে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো।
নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সংঘটিত ওই হামলার ঘটনায় বিশেষভাবে আলোচনায় এসেছে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। মামলাটি নিয়ে তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য