
ইবি রিপোর্ট
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এর আগে তিন দফা অভিযানে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় মোট ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থান, বিভিন্ন আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে কারও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য