
ইবি রিপোর্ট
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে এসব এয়ারলাইনস টিকিট বিক্রির অর্থ দেশের বাইরে নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কেনা যাবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে এই সুবিধা নিতে হলে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকা বাধ্যতামূলক ছিল।
নতুন নির্দেশনায় সেই শর্ত শিথিল করা হয়েছে। ফলে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোনো বিদেশি এয়ারলাইনস তাদের টিকিট বিক্রির অর্থ নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে নিষ্পত্তি করলেও তাদের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্যবহার করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য গ্রাহকের জন্য প্রযোজ্য ভ্রমণ সীমার বাইরে থাকবে। অর্থাৎ এসব টিকিট কেনার খরচ নির্ধারিত ভ্রমণ সীমার মধ্যে গণনা করা হবে না।
এ ছাড়া যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যবসা সংশ্লিষ্টদের মতে, নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তিতে বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে।
এর ফলে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াও আরও সহজ ও সুবিধাজনক হবে।