
ইবি রিপোর্ট
সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ওয়েজ বোর্ডসহ তাদের সব ধরনের পেশাগত অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেছেন, প্রকৃত সাংবাদিকেরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত নন—এমন কেউ যেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিতে না পারেন, তা নিশ্চিত করতে সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন।
সোমবার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর কনসালটেশন সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সভায় আগের পরামর্শ সভায় পাওয়া মতামতের ভিত্তিতে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
সাংবাদিকদের ওয়েজ বোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করা জরুরি। এজন্য সাংবাদিক হিসেবে কাকে বিবেচনা করা হবে এবং কাকে করা হবে না—সে বিষয়ে একটি সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুসংগঠিত কাঠামো প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও পরামর্শও আহ্বান করেন তিনি।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটিও বিবেচনার প্রস্তাব দেন তথ্য প্রতিমন্ত্রী। তার মতে, এ ধরনের কাঠামো থাকলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত পরিচয় ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণের সুযোগ-সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছানো সহজ হবে।
সভায় দেশের বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল।
এ ছাড়া সভায় বক্তব্য দেন লেখক ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হকসহ আরও অনেকে।
সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, ওয়েজ বোর্ড, কল্যাণ এবং পেশাগত স্বীকৃতির কাঠামো নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে আসে।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#সাংবাদিক #সাংবাদিকদেরঅধিকার #ওয়েজবোর্ড #সাংবাদিককল্যাণট্রাস্ট #গণমাধ্যম #ইয়াসেরখান #সাইবারসুরক্ষা #বাংলাদেশ
পাঠকের মন্তব্য