
ইবি রিপোর্ট
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর একটি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশার উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিএসবি এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস। সাক্ষাতের শুরুতে তিনি মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে আইসিএসবি-এর পেশাগত উন্নয়নকে সামনে রেখে নেওয়া বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাতে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে মন্ত্রীর সহযোগিতা ও সমর্থন কামনা করে প্রতিনিধিদল। পেশাটির বিকাশে সংশ্লিষ্ট কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও প্রতিনিধিদলের পক্ষ থেকে তুলে ধরা হয়।
আইসিএসবি-এর প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি আইসিএসবি-এর জন্য তার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল মন্ত্রীকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। একই সঙ্গে তারা আশা প্রকাশ করে, মন্ত্রীর অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা আইসিএসবি-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।
সৌজন্য সাক্ষাৎকালে আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এফসিএস উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস, কাউন্সিল সদস্য খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস এবং সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
আইসিএসবি-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধিদলের এই সাক্ষাতের মাধ্যমে চার্টার্ড সেক্রেটারী পেশার উন্নয়ন, পেশাগত অগ্রগতি এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রীর সহযোগিতা ও দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিনিধিদল।
