
ইবি রিপোর্ট
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সাহস ও সংযমের প্রশংসা করেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
শহিদুল আলম তার পোস্টে উল্লেখ করেন, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে থাকলে সরাসরি সালমানের স্টুডিওতে গিয়ে তার এই অকুতোভয় অবস্থানের জন্য তাকে জড়িয়ে ধরতেন।
শুধু প্রশংসা করেই দায়িত্ব শেষ হতে পারে না উল্লেখ করে শহিদুল আলম বলেন, যারা চাঁদাবাজি বা এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দেওয়া উচিত। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।
এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল ক্ষতিগ্রস্ত ও লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
প্রাথমিকভাবে চাঁদা না দেওয়ার জেরে এই হামলার অভিযোগ উঠলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই ভবনের একটি অফিসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙচুরের ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে হতাশা প্রকাশ করেন তিনি।
সালমান বলেন, এ ধরনের প্রতিকূল পরিস্থিতি নতুন কিছু করার স্বপ্ন দেখা তরুণদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে সব বাধা পেরিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন এই কনটেন্ট ক্রিয়েটর।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
ঘটনার কারণ নিয়ে সালমানের অভিযোগ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।
পাঠকের মন্তব্য