
ইবি রিপোর্ট
দেশের মানুষ নানা সংকটের মধ্যে থাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, পুরো সমাজ যখন সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তারা স্পষ্টভাবে বিরোধিতা করবেন।
তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গেছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্য হতে যাননি। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে সুযোগ-সুবিধার বিষয়ে অংশীদার হতে তাদের আপত্তি থাকবে না।
শফিকুর রহমান জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করার কথা জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের শাসকের নয়, সেবকের মানসিকতা নিয়ে কাজ করা উচিত।
সংসদে বিভিন্ন বিষয়ে তাদের নোটিশ আলোচনায় না আসার অভিযোগও করেন বিরোধীদলীয় নেতা। জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তারা নোটিশ দিয়েছেন বলে জানান তিনি। সম্প্রতি সংসদে দেওয়া নোটিশ নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ার বিষয়টিও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
দেশের শিল্প ও তৈরি পোশাক খাতের সংকট নিয়েও উদ্বেগ জানান শফিকুর রহমান। তার মতে, উৎপাদন কমে গেলে শিল্পমালিকেরা সমস্যায় পড়বেন এবং শ্রমিক ছাঁটাইয়ের ঝুঁকি তৈরি হতে পারে। এতে সংশ্লিষ্ট শ্রমিকের পাশাপাশি তার পরিবারও অর্থনৈতিক সংকটে পড়বে।
সাম্প্রতিক লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে তিনি দাবি করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পালিত হয়েছে। কর্মসূচি বানচাল করতে কেউ আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকলে তার দায় তাদের নয় বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এক লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়লে এর প্রভাব শুধু যানবাহন চালানোর খরচে সীমাবদ্ধ থাকে না; পরিবহন ব্যয়, পণ্য পরিবহন এবং বাজারদরেও এর প্রভাব পড়ে। ২১ সেপ্টেম্বর বাংলাদেশে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১৭ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। তার অভিযোগ, কখনো কখনো কোনো বক্তব্যের অংশবিশেষ নিয়ে ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়, ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তিনি সাংবাদিকদের সংবাদ পরিবেশনে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানান।
গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম কার্যকরভাবে কাজ করলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের জবাবদিহিও শক্তিশালী হয়। সাংবাদিকদের বেতন-বোনাস ও অন্যান্য অধিকার নিয়ে সংসদের ভেতরে ও বাইরে কথা বলারও আশ্বাস দেন তিনি।
বিদেশ সফরের প্রসঙ্গে শফিকুর রহমান জানান, বিরোধীদলীয় নেতা হওয়ার পর বিভিন্ন দেশে সফর করলেও তিনি সরকারি খরচে যাননি। রাষ্ট্রীয় অর্থের ওপর চাপ সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি। বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের জন্য বরাদ্দ সরকারি বাসাটি তিনি বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী, সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কাজে ব্যবহার করেন বলে জানান।
পাঠকের মন্তব্য