
ইবি রিপোর্ট
বাংলার ঐতিহ্য, দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্য এবং উদ্যোক্তাদের সৃজনশীলতাকে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের নিচতলায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানিয়েছে, দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের চামড়া শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্যময় পণ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের তৈরি সামগ্রী ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এ মেলার মাধ্যমে।
উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ জমে ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মেলায় এসে এক ছাদের নিচে বিভিন্ন ধরনের চামড়া ও চামড়াজাত পণ্য ঘুরে দেখছেন।
মেলায় চামড়ার ব্যাগ, বেল্ট ও জুতার প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। পাশাপাশি মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ, অফিস ব্যাগসহ বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্যও প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী সৌভিক বড়ুয়া মেলায় এসে চামড়াজাত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। তিনি বলেন, ব্র্যান্ডের দোকানে চামড়ার পণ্যের দাম তুলনামূলক বেশি। আবার অন্য দোকান থেকে আসল চামড়ার পণ্য কিনছেন কি না, সেটি নিয়েও অনেক সময় সন্দেহ থাকে। এ কারণে বিসিকের মেলায় এসে বিভিন্ন পণ্য দেখছেন তিনি।
বিশেষ করে নতুন মডেলের জুতার প্রতি তাঁর আগ্রহের কথা জানিয়ে সৌভিক বলেন, দাম কিছুটা বেশি হলেও মান ভালো হলে তিনি পণ্য কিনবেন।
অফিস শেষে সহকর্মীদের সঙ্গে মেলায় এসেছিলেন সরকারি চাকরিজীবী সালমা। প্রয়োজনের কথা মাথায় রেখে তিনি খুঁজছিলেন একটি চামড়ার ব্যাগ। মেলায় পছন্দের ব্যাগ ও দামের মধ্যে মিল পাওয়ায় শেষ পর্যন্ত একটি ব্যাগ কিনেছেন তিনি।
সালমা বলেন, চাকরিজীবীদের জন্য ব্যাগের প্রয়োজন বেশি। চামড়ার ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায় বলেই তিনি মেলায় ব্যাগ কিনতে এসেছিলেন।
তাঁর মতে, মেলায় একই জায়গায় অনেক দোকান ও বিভিন্ন ধরনের পণ্য দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের সুযোগ সাধারণ সময়ে সহজে পাওয়া যায় না। তাই মেলার প্রথম দিনেই সহকর্মীদের সঙ্গে নিয়ে এখানে এসেছেন তিনি।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, বুধবার বিকেলে মেলা শুরু হলেও প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় বেশি ক্রেতা এসেছেন। ফলে প্রথম দিনেই বেচাকেনা ভালো হয়েছে বলে জানিয়েছেন তারা।
এনেক্স লেদার লিমিটেডের উদ্যোক্তা মোস্তফা দিপু বলেন, দীর্ঘ ১০ বছর ধরে তারা চামড়াজাত পণ্য তৈরির সঙ্গে যুক্ত। এবারের মেলায় তাদের স্টলে নারীদের ব্যাগ, অফিস ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ ও চাবির রিংসহ বিভিন্ন ধরনের পণ্য রাখা হয়েছে।
তবে তাদের স্টলের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চামড়ার জায়নামাজ। এরই মধ্যে পণ্যটি ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানান তিনি।
মেলার প্রথম দিনের শেষ দিকে কিছু ক্রেতা এসেছেন উল্লেখ করে মোস্তফা দিপু আশা প্রকাশ করেন, পরবর্তী দিনগুলোতে ক্রেতার সংখ্যা আরও বাড়বে এবং বেচাকেনাও বাড়বে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের চামড়া শিল্পের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। তারা নিজেদের তৈরি নান্দনিক, মানসম্পন্ন ও বৈচিত্র্যময় চামড়া এবং চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এসব স্টলে ক্রেতারা বিভিন্ন ধরনের চামড়ার ব্যাগ, জুতা, বেল্ট, মানিব্যাগসহ নানা পণ্য দেখার ও কেনার সুযোগ পাচ্ছেন।
মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর পাশাপাশি স্থানীয় চামড়া শিল্পের সক্ষমতা ও বৈচিত্র্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের নিচতলায় আয়োজিত এ মেলায় কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনের এ আয়োজনের মাধ্যমে দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা তাদের পণ্য বাজারজাত ও ক্রেতাদের কাছে পরিচিত করার নতুন সুযোগ পাবেন।
পাঠকের মন্তব্য