
ই-বাংলাদেশ ডেস্ক
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী অনেক নেতা বর্তমানে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে যেসব নেতাকে রাজপথে সক্রিয় দেখা গেছে, তাদের অনেকেই এখন দলের গুরুত্বপূর্ণ পরিসরে অনুপস্থিত।
সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে বিএনপির বর্তমান নেতৃত্ব ও দলের সাংগঠনিক অবস্থান নিয়ে কথা বলার সময় এসব মন্তব্য করেন রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, বিএনপিতে এমন অসংখ্য ত্যাগী নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন এবং আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে তাদের অনেকেই দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই।
তিনি বলেন, ‘যেহেতু আমি দলটায় ছিলাম, অসংখ্য ত্যাগী নেতার নাম বলতে পারব, যারা কোথাও নেই। অথচ তাদেরকেই মানুষ ১৫ বছর দেখেছে, পথে দেখেছে, মিডিয়াতে দেখেছে। আমি আমার কথা বলছি না, ফর গড সেক।’
যেসব নেতার নাম উল্লেখ করলেন রুমিন
বিএনপির কয়েকজন পরিচিত নেতার নাম উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আলাল ভাই, দুদু ভাই, রিপন ভাই—এমন অনেক নেতা রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি জানি, আমার এই বলার ফলে তাদের আরও ক্ষতি হবে কি না। কিন্তু…’
এরপর বিএনপির সাবেক নেতা হাবিবুন নবী খান সোহেলের নামও উল্লেখ করেন তিনি। রুমিন বলেন, ‘সোহেল ভাই! ওহ, অফ কোর্স হাবিবুন নবী খান সোহেল। লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রোবাবলি।’
রুমিনের ভাষ্য অনুযায়ী, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরিচিত এসব নেতার অনেকেই বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পরিসরে নেই। তিনি বলেন, ‘এই মানুষগুলো কোথাও নেই এবং আপনি-আমি নামগুলো বলতে চাই না।’
বর্তমান নেতৃত্বের আশপাশের ব্যক্তিদের নিয়েও মন্তব্য
বিএনপির বর্তমান নেতৃত্বের আশপাশে থাকা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি দাবি করেন, তাদের অনেককে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগে কখনো দেখা যায়নি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা বলেন, তার আশপাশের লোক বলেন, এদের কাউকে আমরা বাঙালিরা কখনো দেখিনি। বাংলাদেশে যারা বিএনপি করেছে, তারাও কখনো দেখেনি।’
বর্তমান নেতৃত্বের ঘনিষ্ঠ ব্যক্তিদের দলে আসার প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন তিনি। রুমিন বলেন, ‘তাদের মধ্যে কিছু এসেছে তারেক রহমানের সঙ্গে বিমানে চেপে। আর বাকিদের প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে-সেখান থেকে কালেকশন করেছেন। যারা কেউ কোনো দিন বিএনপি করেনি।’
ত্যাগী নেতাদের অবস্থান নিয়ে প্রশ্ন
রুমিন ফারহানার বক্তব্যে মূলত বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের বর্তমান অবস্থান এবং দলের নেতৃত্ব কাঠামো নিয়ে প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় থাকা নেতাদের অনেকে কেন বর্তমানে গুরুত্বপূর্ণ অবস্থানে নেই, সেটিই তাঁর বক্তব্যের অন্যতম কেন্দ্রবিন্দু।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নেতাদের অবদান এবং বর্তমান সাংগঠনিক কাঠামোয় তাদের অবস্থান নিয়ে রুমিনের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। তবে টকশোতে দেওয়া বক্তব্যে তিনি নিজের প্রসঙ্গ নয়, বরং দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের অবস্থানের কথাই তুলে ধরতে চেয়েছেন বলে উল্লেখ করেন।
পাঠকের মন্তব্য