![]()
বিনোদন ডেস্ক
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে আসামিদের গ্রেপ্তার ও বিচার কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার ভক্তরা। দাবি পূরণ না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সালমান শাহর ভক্তরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ হত্যার বিচার দেশের কোটি মানুষের দীর্ঘদিনের দাবি। বছরের পর বছর ধরে এই মামলার বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাই আর কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত শেষ করে মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, রাজনৈতিক, সামাজিক কিংবা প্রভাবশালী পরিচয়ের কারণে কোনো ব্যক্তি যেন আইনের আওতার বাইরে থাকতে না পারেন। গ্রেপ্তার হওয়া আসামি ডনকে জামিন না দিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিও জানান তারা।
দ্রুত বিচার চাইলেন সালমান শাহর মা
মানববন্ধনে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দাবি করেন, তদন্তে সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এখন দ্রুত বিচার কার্যকরের অপেক্ষায় রয়েছেন তারা।
তিনি আরও আহ্বান জানান, প্রধান হত্যাকারী হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে সেই সামিরাসহ মামলার কোনো আসামি যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনের শেষ দিকে সালমান শাহর ভক্তরা ঘোষণা দেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
পাঠকের মন্তব্য