![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য ভি তার দীর্ঘদিনের একটি শারীরিক সমস্যার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু জংকুকের সামনে তিনি জানান, প্রায় আড়াই বছর ধরে তার এক কানে শ্রবণক্ষমতা অনেকটাই কমে গেছে।
ভি-এর এই স্বীকারোক্তিতে শুধু ভক্তরাই নয়, পাশে থাকা জংকুকও বেশ অবাক হয়ে যান। কারণ, এতদিন ধরে চলা এই সমস্যার কথা তিনি আগে কখনো প্রকাশ্যে জানাননি।
আড্ডার একপর্যায়ে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ভি বলেন, তিনি এর আগে বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি। তার ভাষ্য অনুযায়ী, একটি কানে যদি তার শ্রবণক্ষমতা ১০০ শতাংশ হয়, অন্য কানে তিনি মাত্র প্রায় ৩০ শতাংশ শুনতে পান।
ভি-এর এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন জংকুক। দীর্ঘদিনের বন্ধুর এমন শারীরিক সমস্যার কথা জানতে পেরে তিনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন।
সেনা প্রশিক্ষণের সময় সমস্যা আরও বেড়েছিল
ভি জানান, সামরিক প্রশিক্ষণের কঠিন সময়ের মধ্যে তার কানের সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে। তবে সে সময় আশপাশের কয়েকজন সহকর্মী বিষয়টিকে মানসিক শক্তির সঙ্গে মিলিয়ে দেখতেন।
তাদের কথায় ভি-ও একসময় মনে করেছিলেন, মানসিকভাবে শক্ত থাকলে হয়তো সমস্যাটি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এ কারণে দীর্ঘদিন তিনি চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেননি।
বন্ধুর এমন সিদ্ধান্তে অবশ্য জংকুক একমত হননি। শরীরের অসুস্থতাকে শুধু মানসিক শক্তির বিষয় হিসেবে দেখার সমালোচনা করেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপরও জোর দেন এই বিটিএস তারকা।
এখন নিয়মিত চিকিৎসা নিচ্ছেন ভি
জংকুকের পরামর্শে নিজের ভুল বুঝতে পেরেছেন ভি। তিনি জানান, এখন আর বিষয়টি অবহেলা করছেন না। নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও সেবন করছেন।
ভক্তদেরও নিজের বর্তমান অবস্থা নিয়ে আশ্বস্ত করেছেন তিনি। দীর্ঘদিনের এই শ্রবণ সমস্যার কথা প্রকাশ্যে আসার পর বিটিএস ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
তবে ভি-এর চিকিৎসা চলমান রয়েছে এবং তিনি নিজের স্বাস্থ্যের প্রতি এখন আগের তুলনায় বেশি সচেতন—এমন বার্তাই দিয়েছেন।
বিটিএসের সদস্যদের পারস্পরিক বন্ধুত্ব ও একে অপরের প্রতি যত্নের বিষয়টিও এ ঘটনার মাধ্যমে নতুন করে সামনে এসেছে। বিশেষ করে ভি-এর শারীরিক সমস্যার কথা শুনে জংকুকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভক্তদের নজর কেড়েছে।
পাঠকের মন্তব্য