![]()
ই-বাংলাদেশ ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়েছে কি না, তা এখন অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সহজেই জানতে পারবেন শিক্ষার্থীরা। আর ফল নিয়ে অসন্তুষ্ট হলে আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
যেভাবে এসএসসি ও সমমানের ফল জানা যাবে
শিক্ষার্থীরা সমন্বিত ফলাফলের ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডের ফলের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে:
SSC DHA ROLL 2026
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে:
SSC MAD ROLL 2026
আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:
SSC TEC ROLL 2026
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
ফল নিয়ে অসন্তুষ্ট হলে মঙ্গলবার থেকে আবেদন
ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। এবার ম্যানুয়ালি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন অপশন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন করতে হবে।
আবেদনের সময় শিক্ষার্থীর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
প্রতি পত্রে ফি ১৫০ টাকা
খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। ফি দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে গিয়ে ‘জমা দিন’ অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময় স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। শিক্ষার্থী চাইলে এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। প্রথমবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয়ে পুনর্নিরীক্ষণ করতে চাইলে একই প্রক্রিয়ায় বিষয় যুক্ত করা যাবে। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তনের সুযোগ
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ থাকবে। যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলোর আবেদন ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করে আবেদন জমা দিলে সেই বিষয় আর বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না।
শিক্ষার্থীদের তাই পুনর্নিরীক্ষণের আবেদন করার আগে বিষয় নির্বাচন ও আবেদনের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ফল নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয়, তাদের জন্য পুনর্নিরীক্ষণের এই সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পাঠকের মন্তব্য