![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই ছাত্র-জনতার আন্দোলনের দুই বছর পূর্ণ হলো আজ বুধবার (৫ আগস্ট)। এই আন্দোলনে রাজপথে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকাও সরব ছিলেন। তাঁদেরই একজন অভিনেত্রী জাকিয়া বারী মম। আন্দোলনের সময় নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামলেও, দুই বছর পর সেই প্রত্যাশার বাস্তবায়ন নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে নিজের অনুভূতি জানাতে গিয়ে মম বলেন, আন্দোলনের মাধ্যমে দেশ পরিবর্তনের যে স্বপ্ন মানুষ দেখেছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। তাঁর ভাষায়, সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পরিবর্তে নেতিবাচক দিকই বেশি গুরুত্ব পেয়েছে।
অভিনেত্রী বলেন, “অনেক সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সেই সম্ভাবনার নেগেটিভ ব্যবহার করেছি, যেটা আমরা বরাবরই করি। আমাদের সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, নেতিবাচক বিষয়টাই বেশি ফোকাস হয়। ইতিবাচক সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারিনি। তাই যে প্রত্যাশা নিয়ে আন্দোলনে দাঁড়িয়েছিলাম, সেই পাওয়ার হিসাব আজও মেলেনি।”
জাকিয়া বারী মমের মতে, দেশের সাধারণ মানুষ বারবার প্রত্যাশা নিয়ে সামনে এলেও শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ রাজনৈতিক হিসাব-নিকাশে বিশ্বাসী নয়; তারা শুধু চায় নিজের কাজ সৎভাবে করতে এবং একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশে বসবাস করতে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে। তারা রাজনীতি বোঝে না, তারা শুধু চায় নিজের দায়িত্ব পালন করতে এবং দেশের ভালো হোক।”
দেশের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাস্তবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এবং বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপট দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
মম বলেন, “বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থান এবং বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতা আমাকে ভাবায়। দেশের জন্য সত্যিই মায়া লাগে।”
এদিকে দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের ধারাবাহিক নাটকে ফিরেছেন জাকিয়া বারী মম। বুধবার (৫ আগস্ট) থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে তাঁর অভিনীত নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মম।
অভিনয় ক্যারিয়ারে নতুন এই প্রত্যাবর্তনের পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মন্তব্য