ই-বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন কি না, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সেটি সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না।”
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
শামা ওবায়েদ বলেন, সম্প্রতি ব্রিকস সম্মেলন উপলক্ষেও একটি নতুন আমন্ত্রণ এসেছে। তবে প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব পালনে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। তাই তিনি কখন, কোথায়, কী উদ্দেশ্যে সফর করবেন—সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা সময় ব্যয় করছেন। তাই তাঁর সফরসূচি ও অংশগ্রহণের বিষয়ে সময়ই সবকিছু নির্ধারণ করবে।”
সাংবাদিকরা জানতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি দ্বিপাক্ষিক ভারত সফরেরও আমন্ত্রণ ছিল।
এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়।” তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর ও ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চললেও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।
পাঠকের মন্তব্য