ই-বাংলাদেশ ডেস্ক
সরকারি দপ্তরে এআই ব্যবহারে কড়া সতর্কতা, গোপন তথ্য সুরক্ষায় নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কাজে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অসতর্কভাবে ব্যবহার করলে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ হওয়ার কিংবা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই টুল ব্যবহারের সময় সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো সংবেদনশীল নথি, গোপন তথ্য বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এআই প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের লক্ষ্য হলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রচলিত নীতিমালা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি কাজে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য সুরক্ষা, গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারই সরকারি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।
পাঠকের মন্তব্য