ই-বাংলাদেশ ডেস্ক
বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, দেশে ফেরাতে আইনি উদ্যোগ সরকারের
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আদালতে শর্তসাপেক্ষে জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে এবং তার জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জানতে পেরেছে। তবে তার জামিন আদেশ বাতিল করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। আদালতের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত জামিন বাতিল করতে পারব এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব।”
মন্ত্রী আরও জানান, নিয়োগপ্রাপ্ত আইনজীবী প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে এবং বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এর আগে একই দিন সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোই বিস্তারিত তথ্য দিতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।
তবে জামিন পেলেও তার ওপর কঠোর শর্ত আরোপ করেছে দুবাই আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিনে মুক্ত থাকলেও আপাতত দেশ ছাড়ার সুযোগ নেই।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রমের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য