![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ উমামা ফাতেমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও বিশ্লেষণধর্মী পোস্ট দিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি উমামার ব্যক্তিত্ব, রাজনৈতিক অবস্থান এবং আদর্শিক দৃঢ়তার প্রশংসা করেন।
ডা. তাসনিম জারা লেখেন, অভ্যুত্থানের পর উমামা ফাতেমা, নুসরাত ও রাফিয়ার একটি সাক্ষাৎকার দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তাদের সাহসী বক্তব্য, খোলামেলা চিন্তাভাবনা এবং অল্প বয়সে পরিণত রাজনৈতিক উপলব্ধি তাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রেরণা জুগিয়েছিল।
তিনি জানান, দেশে ফিরে প্রথমবার উমামার সঙ্গে সাক্ষাৎ হলে তিনি নিজেকে “স্টারস্ট্রাক” অনুভব করেছিলেন। তার ভাষায়, উমামা বাস্তব জীবনেও অত্যন্ত সহজ-সরল, আন্তরিক এবং নিজের বিশ্বাসে অটল একজন মানুষ। তিনি যা বিশ্বাস করেন, তাই বলেন এবং সেই অনুযায়ী কাজ করেন।
পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, নতুন প্রজন্মের রাজনীতিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নৈতিক অবস্থান ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখা। তার মতে, প্রতিদিনের জটিল রাজনৈতিক বাস্তবতায় এমন কিছু মানুষের প্রয়োজন হয়, যাদের বিচার-বিবেচনার ওপর নির্ভর করা যায়। উমামা ফাতেমা তার কাছে ঠিক তেমনই একজন মানুষ হিসেবে উঠে এসেছেন।
তিনি আরও বলেন, গত দুই বছরে উমামা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নিজের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক মনে হওয়ায় একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসা, বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং ডাকসু নির্বাচনে কোনো দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা—এসবই তার নীতিনিষ্ঠ অবস্থানের প্রমাণ।
তাসনিম জারার ভাষ্য, উমামার সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি সহজ পথ বেছে নেননি। বরং নিজের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে আপস না করে ক্ষমতার প্রলোভন প্রত্যাখ্যান করেছেন, যা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা।
তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই রাজনৈতিক পদ বা অবস্থানকেই সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করেন। কিন্তু প্রকৃত সফলতা নির্ভর করে সেই অবস্থানে কীভাবে পৌঁছানো হয়েছে এবং জনগণের জন্য কী কাজ করা হয়েছে—এই দুই প্রশ্নের ওপর। তার মতে, উমামা ফাতেমা সেই পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে দাঁড়িয়ে নতুন রাজনীতির সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছেন।
পোস্টে তাসনিম জারা একটি রূপকও ব্যবহার করেন। তিনি বলেন, অনেকেই উমামাকে চীনের হোয়াংহো নদীর সঙ্গে তুলনা করে ব্যর্থতার প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করেন। অথচ ইতিহাস বলে, সেই হোয়াংহো নদীর পলিমাটিতেই চীনা সভ্যতার বিকাশ ঘটেছিল। অর্থাৎ, যাকে অনেকে দুর্বলতা বা ব্যর্থতা মনে করেন, সেখান থেকেই নতুন সম্ভাবনার জন্ম হতে পারে।
পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা বলেন, নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবলে যাদের মুখ তার কাছে আস্থা ও আশার প্রতীক হয়ে ওঠে, উমামা ফাতেমা তাদের অন্যতম। তার বিশ্বাস, নীতি, সততা এবং আদর্শের প্রতি অবিচল থাকা রাজনীতিবিদদের মাধ্যমেই ভবিষ্যতে একটি ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে।
পাঠকের মন্তব্য