
ইবি রিপোর্ট
নতুন নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাচন তিন মাসের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ প্রাপ্তির তারিখ থেকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮(২)(খ) অনুযায়ী এ নির্বাচন সম্পন্ন করতে হবে।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৫ আগস্ট এ আদেশ দেন। রিট পিটিশন নং ১১৬০০/২০২৫-এর শুনানি শেষে উভয় পক্ষের সম্মত বক্তব্যের ভিত্তিতে আদালত রুলটি নিষ্পত্তি করেন।
আদালত ই-ক্যাবের প্রশাসক ও কেন্দ্রীয় ই-কমার্স সেলের উপসচিবকে নির্দেশ দিয়েছেন, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী নতুন নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হবে। এরপর আদালতের আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে ই-ক্যাবের নির্বাচন আয়োজন করতে হবে।
মামলার আবেদনকারী ও ই-ক্যাব সদস্য মো. আনোয়ার সাদাত এর আগে ই-ক্যাবের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড এবং সংশোধিত নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। একই সঙ্গে চ্যালেঞ্জকৃত আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ২০২৫ সালের ২২ জুলাই দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশে ই-ক্যাবের প্রশাসককে আইন অনুযায়ী নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড পুনর্গঠন করে নতুন নির্বাচনী তফসিল জারি এবং নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের ওই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে বিবাদীপক্ষ আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করে। তবে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে হস্তক্ষেপ করেননি। একই সঙ্গে হাইকোর্টে বিচারাধীন রুলটি দ্রুত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
সর্বশেষ শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে আদালতের আগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পক্ষে উপস্থিত আইনজীবীও এতে সম্মতি জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮(২)(খ) অনুযায়ী নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করে ই-ক্যাব নির্বাচন আয়োজনের জন্য প্রশাসক কার্যকর পদক্ষেপ নিলে তাদের কোনো আপত্তি নেই।
উভয় পক্ষের এই সম্মত অবস্থান বিবেচনায় নিয়ে হাইকোর্ট রুলটি নিষ্পত্তি করেন। তবে আদালতের আদেশে নির্বাচন কোন সুনির্দিষ্ট পদ্ধতিতে হবে কিংবা আগের সংশোধিত নির্বাচনী তফসিল বহাল থাকবে কি না, সে বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
পাঠকের মন্তব্য