ই-বাংলাদেশ ডেস্ক
মেডিকেল প্রশ্নফাঁস আন্দোলনের প্রভাব মুম্বাইয়ে, ৬ আগস্ট পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটিতে ৬ আগস্ট পর্যন্ত পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া নির্ধারিত সময় পর্যন্ত কোনো ধরনের বড় সমাবেশ, মিছিল বা গণজমায়েত করা যাবে না।
প্রশাসনের দাবি, দিল্লির জন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে মুম্বাইয়েও একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভ করায় প্রায় ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।
অন্যদিকে দিল্লিতে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। শিক্ষামন্ত্রী এখনো পদত্যাগ না করায় আন্দোলন আরও বেগবান হয়েছে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নতুন ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
ভারতের বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়তে থাকায় সরকার একদিকে কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে, অন্যদিকে সম্ভাব্য অস্থিরতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
পাঠকের মন্তব্য