![]()
আগামী ২০ জুলাই (সোমবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
শনিবার তিনি জানান, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত বিভিন্ন জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ সময়মতো শেষ করা যায়নি। তবে চলতি মাসের শেষের দিকেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি। এখন দ্রুত ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ও সে অনুযায়ী সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছিল।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ শেষ হলেই নতুন তারিখ ঘোষণা করে চলতি জুলাই মাসের শেষের দিকেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
পাঠকের মন্তব্য