![]()
ই-বাংলাদেশ ডেস্ক:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার সম্পন্ন হবে। তিনি দাবি করেন, দেশের মানুষ অভিযুক্ত অপরাধের বিচার এবং আদালতের দেওয়া রায়ের কার্যকর বাস্তবায়ন দেখতে চায়।
তিনি আরও বলেন, রাজনৈতিক বা ভূরাজনৈতিক কোনো চাপ সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে।
উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে আধুনিক ও আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত হিসেবে শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো খ্যাতনামা বিদেশি আইনজীবী নিয়োগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। পাশাপাশি বিচার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারবেন এবং পুরো প্রক্রিয়া ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেন, আদালতে যদি শেখ হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন, তাহলে আদালত আইন অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের লক্ষ্য প্রতিশোধ নয়, বরং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি সরকারের নির্বাহী সিদ্ধান্ত নয়; আদালতের নির্দেশনা। তাই সরকার আইন অনুযায়ী আদালতের আদেশ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গণমাধ্যম যদি মনে করে আদালতের এই নির্দেশনায় তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে, তাহলে তারা আইনগতভাবে আদালতে গিয়ে আদেশটি চ্যালেঞ্জ করতে পারে। আদালত নির্দেশনা পরিবর্তন বা প্রত্যাহার না করা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলতে হবে।
পাঠকের মন্তব্য