![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত এটি সপ্তম চলচ্চিত্র, যার সহ-প্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
নির্মাতা জানিয়েছেন, ‘হ্যাপিলি ম্যারিড’ শুধু একটি রোমান্টিক গল্প নয়; বরং সমকালীন সমাজ, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আধুনিক জীবনের নানা সংকট ও পারিবারিক মূল্যবোধের সংঘাত গল্পটির মূল উপজীব্য।
নতুন এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত আরিফিন শুভ। তিনি বলেন, ‘উনিশ ২০’-এর পর আবারও চরকির সঙ্গে কাজ করছেন। এবার দর্শক তাকে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখতে পাবেন।
শুভ বলেন, তিনি সাধারণত যেসব শক্তিশালী বা অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেন, ‘হ্যাপিলি ম্যারিড’-এ সেই পরিচিত ইমেজ থেকে বেরিয়ে এসেছেন। এখানে তিনি মফস্বলের একজন দায়িত্বশীল যুবকের চরিত্রে অভিনয় করছেন, যার জীবনের সবচেয়ে বড় শক্তি তার পরিবার, ছোট ভাইবোন এবং প্রিয় মানুষগুলো।
অন্যদিকে, কেয়া পায়েল জানান, একাধিক কারণে এই সিনেমাটি তার জন্য বিশেষ। প্রথমত, এটি আরিফিন শুভর সঙ্গে তার প্রথম কাজ। দ্বিতীয়ত, চরকির সঙ্গে এটিই তার অভিষেক প্রকল্প। আর তৃতীয়ত, নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় কাজ করার সুযোগ পাওয়া।
নিজের চরিত্র সম্পর্কে কেয়া বলেন, এটি এমন একটি চরিত্র, যার প্রেমে দর্শকও পড়ে যেতে পারেন। চরিত্রটিতে অভিনয়ের নানা স্তর রয়েছে এবং দর্শক তাকে আগের চেয়ে সম্পূর্ণ ভিন্নভাবে আবিষ্কার করবেন বলে তার বিশ্বাস।
পরিচালক জাহিদ প্রীতমের ভাষ্য অনুযায়ী, বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিকতা ও পারিবারিক সম্পর্কে যে পরিবর্তন আনছে, সেটিই চলচ্চিত্রটির অন্যতম মূল বিষয়। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা, দায়িত্ববোধ এবং সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে গল্পটি।
তিনি আরও বলেন, ‘হ্যাপিলি ম্যারিড’-এ হাস্যরস, রোমান্স এবং আবেগঘন পারিবারিক মুহূর্ত একসঙ্গে দর্শকের সামনে তুলে ধরা হবে। তার বিশ্বাস, গল্পটি দেশের প্রতিটি বাঙালি পরিবারের অনুভূতিকে স্পর্শ করবে এবং সমকালীন জীবনের বাস্তবতার সঙ্গে দর্শকদের সংযোগ তৈরি করবে।
নতুন গল্প, নতুন জুটি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ‘হ্যাপিলি ম্যারিড’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে আরিফিন শুভ ও কেয়া পায়েলের প্রথম অনস্ক্রিন রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
পাঠকের মন্তব্য