![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্ট তানজিন তিশাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি গ্রহণ করেন তানজিন তিশা। ওই শাড়ির প্রচারণা চালানোর পাশাপাশি নির্ধারিত মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয় প্রতিষ্ঠানটি।
তবে অভিযোগটি শুরু থেকেই অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই অর্থ পরিশোধের কোনো প্রশ্নই ওঠে না।
বাদীপক্ষ জানায়, বিষয়টি সমাধানের জন্য প্রথমে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ডিবি পুলিশ অভিযোগের তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, তদন্তে অভিযোগের ভিত্তি পাওয়া যাওয়ায় এখন বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতেই হবে।
এদিকে মামলাটি ঘিরে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী কার্যক্রম এবং উভয় পক্ষের বক্তব্যের ওপর নির্ভর করবে মামলার ভবিষ্যৎ অগ্রগতি।