ই-বাংলাদেশ ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। নিজেদের অত্যন্ত গোপনীয় ব্যবসায়িক তথ্য ও প্রযুক্তিগত নথি চুরির অভিযোগ এনে এআই প্রতিষ্ঠান ওপেনএআই এবং তাদের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তর জেলা ফেডারেল আদালতে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
মামলায় ওপেনএআইয়ের চিফ হার্ডওয়্যার অফিসার ট্যাং তান এবং প্রযুক্তিগত কর্মী চ্যাং লিউকে অভিযুক্ত করা হয়েছে। তারা দুজনই একসময় অ্যাপলে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। অ্যাপলের অভিযোগ, প্রতিষ্ঠান ছাড়ার আগে এবং পরে বিভিন্ন উপায়ে তারা কোম্পানির গোপন প্রযুক্তিগত তথ্য ও ব্যবসায়িক নথি সংগ্রহ করে ওপেনএআইয়ের কাজে ব্যবহার করেছেন।
অ্যাপলের দাবি, ট্যাং তান কোম্পানির বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের গোপন তথ্য নিজের ব্যক্তিগত ইমেইলে পাঠিয়েছিলেন। এছাড়া অ্যাপলের কর্মীরা যখন ওপেনএআইয়ে চাকরির সাক্ষাৎকার দিতে যেতেন, তখন তাদেরকে অ্যাপলের আসল হার্ডওয়্যার পার্টস সঙ্গে করে নিয়ে আসতে উৎসাহিত করা হতো। পরে এসব উপাদান ওপেনএআইয়ের অভ্যন্তরীণ গবেষণা ও পণ্য উন্নয়নের কাজে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে চ্যাং লিউয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি অ্যাপলের নেটওয়ার্কে প্রবেশের জন্য এক সাবেক সহকর্মীর অফিস কম্পিউটার ব্যবহার করেন এবং সেখান থেকে হার্ডওয়্যার-সংক্রান্ত একাধিক গোপন নথি ডাউনলোড করেন। এমনকি নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কীভাবে গোপন তথ্য কপি করা যায়, সে বিষয়ে অন্যদেরও পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেছে অ্যাপল।
তবে ওপেনএআই এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপনীয়তা তাদের আগ্রহের বিষয় নয়। বরং বিশ্বজুড়ে মানুষের উপকারে আসে এমন উদ্ভাবনী এআই প্রযুক্তি উন্নয়নেই তাদের মূল মনোযোগ।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির পর দুই প্রতিষ্ঠানের সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছিল, এই মামলা তারই সর্বশেষ প্রতিফলন। পরে অ্যাপল নিজস্ব এআই কৌশল পরিবর্তন করে নতুন সিরিতে গুগলের জেমিনি প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেয়।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্যাং তান দীর্ঘ ২৪ বছর অ্যাপলে কর্মরত ছিলেন এবং শিল্প নকশা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে তিনি জনি আইভের এআই হার্ডওয়্যার স্টার্টআপ আইও প্রোডাক্টসে যোগ দেন, যা পরবর্তীতে ওপেনএআইয়ের সঙ্গে একীভূত হয়। তবে এই মামলায় জনি আইভকে অভিযুক্ত করা হয়নি।
এটি ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম আইনি অভিযোগ নয়। এর আগে একাধিক প্রতিষ্ঠান গোপন তথ্য আত্মসাৎ এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে। একইভাবে নিউইয়র্ক টাইমসও অনুমতি ছাড়া সংবাদবিষয়ক কনটেন্ট ব্যবহার করে এআই প্রশিক্ষণের অভিযোগে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই শিল্পে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই মেধাস্বত্ব, ব্যবসায়িক গোপনীয়তা এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে আইনি লড়াইও বৃদ্ধি পাচ্ছে। অ্যাপল ও ওপেনএআইয়ের এই মামলা ভবিষ্যতে এআই শিল্পে ব্যবসায়িক তথ্য সুরক্ষা ও কর্মী স্থানান্তর সংক্রান্ত নীতিমালার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।