![]()
যাত্রীসেবার মান আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়, যা প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ রুটে পরিচালিত হবে।
বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং বেবিচকের তত্ত্বাবধানে চালু হওয়া এই ফ্রি শাটল বাস সার্ভিস প্রাথমিকভাবে তিনটি রুটে চলবে। রুটগুলো হলো—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। ফলে যাত্রীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ও আরামদায়কভাবে এসব সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন।
বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা বড় ধরনের সুবিধা বয়ে আনবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যের এই শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকার বাস্তবায়নে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা প্রদানে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য