![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ও ক্ষমতার পরিবর্তন নতুন কিছু নয়। এখানে তীব্র রাজনৈতিক মেরুকরণ সব সময়ই ছিল। তবে প্রতিটি বড় রাজনৈতিক অধ্যায়ের শেষে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। রাষ্ট্র কি চিরকাল পারস্পরিক বিভাজনের পথে হাঁটবে? নাকি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন যাত্রা শুরু করবে? ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রশ্নটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
সম্প্রতি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি সম্পন্ন হলো। এই উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি প্রতিশোধের রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্যের জোরালো আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বক্তব্য নয়। গত প্রায় পাঁচ মাসে তিনি একাধিকবার সংসদে এবং সংসদের বাইরে ঐক্যের ডাক দিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু এর মধ্যেও সংলাপ ও সহনশীলতার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য গভীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়। তবে আমাদের সামনে এখন দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির ক্ষত রয়েছে। রয়েছে প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ। এই অবস্থায় ঐক্যের আহ্বান কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে আলোচনার দাবি রাখে।
অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতার চ্যালেঞ্জ
একটি রাষ্ট্রের মূল মেরুদণ্ড হলো তার অর্থনীতি। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশে একদলীয় শাসন চলেছে। এই সময়ে লাগামহীন দুর্নীতি ও আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক লুটপাট হয়েছে। ফলে দেশের অর্থনীতি এমনিতেই গভীর সংকটের মুখোমুখি ছিল। এর পর ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তন ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রায় দেড় বছরের শাসনামলে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়ে। দুর্বল নীতিনির্ধারণের কারণে বেসরকারি খাত মুখ থুবড়ে পড়ে। নতুন বিনিয়োগ একপ্রকার স্থবির হয়ে যায়। হাজার হাজার কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়। এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।
এই চরম অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করা সহজ নয়। কেবল বর্তমান সরকারের একক প্রচেষ্টায় এই সমস্যার চটজলদি সমাধান সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদি নীতিগত ধারাবাহিকতা প্রয়োজন। বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনা জরুরি। আর এই সব কিছুর পূর্বশর্ত হলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগকারীরা তখনই অর্থ বিনিয়োগ করবেন, যখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা থাকবে না। তাই দেশের অর্থনৈতিক মুক্তির স্বার্থেই একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা আজ সময়ের দাবি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি:
অর্থনৈতিক সংকটের পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হলো নাগরিক নিরাপত্তা ফিরিয়ে আনা। বিগত সরকারের আমলে দেশজুড়ে ‘মব জাস্টিস’ বা মব সন্ত্রাসের সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল। সেই ক্ষত সমাজ থেকে এখনও পুরোপুরি নিরাময় হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও চাঁদাবাজি চলছে। এই অপরাধমূলক তৎপরতা জনজীবনে একধরনের গোপন আতঙ্ক টিকিয়ে রেখেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল ক্ষেত্রেও প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এগুলো সংস্কার করা এখন বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
একটি গণতান্ত্রিক সমাজে মতের ভিন্নতা থাকবেই। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ২৪-এর গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাই ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ। যেখানে মানুষ মন খুলে কথা বলবে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। ভিন্নমতের কারণে কেউ নিগৃহীত হবে না। কিন্তু গত দেড় বছরে বিভাজনের কারণে সেই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক ট্র্যাকে ফিরে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে সচল করতে হলে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট হয়। দেশ যখনই কোনো গভীর সংকটে পড়েছে, তখনই দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব দেশকে পথ দেখিয়েছে। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে দেশ চরম অভ্যন্তরীণ বিভাজনের মুখোমুখি হয়েছিল। তখন কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দিশেহারা জাতিকে একটি সুনির্দিষ্ট পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতির শৃঙ্খল থেকে মুক্ত বাজার অর্থনীতির দুয়ার উন্মোচন করেন তিনি। ফলে এক অনাহারে ক্লিষ্ট দেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রবর্তন করে তিনি প্রমাণ করেছিলেন যে, ভিন্নমতকে ধারণ করেই রাষ্ট্র শক্তিশালী হয়।
পরবর্তীতে এরশাদের স্বৈরাচারী শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তখন দীর্ঘ নয় বছরের রাজপথের সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি শুধু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশ পরিচালনা করেননি। বরং জাতীয় ঐকমতের অনন্য নজির স্থাপন করেছিলেন। সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তার একটি উজ্জ্বল উদাহরণ। বিএনপি ঐতিহাসিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে বিশ্বাসী ছিল। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তিনি সংসদীয় সরকার ব্যবস্থার বিল সংসদে পাস করিয়েছিলেন। এমনকি ২০০১ সালের নির্বাচনের পরও তিনি জোট রাজনীতির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার পরিচালনার চেষ্টা করেছিলেন।
২০০৭ সালের এক-এগারোর অসাংবিধানিক সরকার থেকে শুরু করে পরবর্তীতে দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন চলেছে। এই সময়ে জিয়া পরিবার এবং দেশের মানুষ চরম ত্যাগ স্বীকার করেছে। এই ত্যাগের মূল লক্ষ্যই ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও ক্ষমতার দীর্ঘসূত্রতার আশঙ্কা তৈরি হয়েছিল। তখন নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের পক্ষে তারেক রহমান দৃঢ় অবস্থান নেন। তাঁর এই দূরদর্শিতাই দেশকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে গেছে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের যে রায়, তা কেবল কোনো একটি দলের বিজয় নয়। বরং তা হলো শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে এক অকাট্য জনমত।
সংসদের ভূমিকা:
গণতন্ত্রের মূল শক্তিই হলো বহুমতের সহাবস্থান। সরকার ও বিরোধী দলের মধ্যে নীতিগত মতবিরোধ থাকাটা স্বাভাবিক। এটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ। তবে উন্নত গণতান্ত্রিক দেশগুলোর অভিজ্ঞতা আমাদের অন্য একটি শিক্ষা দেয়। রাষ্ট্রের কিছু মৌলিক স্বার্থের প্রশ্নে একটি ন্যূনতম জাতীয় ঐকমত্য থাকা অপরিহার্য। যেমন—দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষা করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের “আমি সবার প্রধানমন্ত্রী”—এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচিত হওয়ার পর সরকার কেবল তার দলের থাকে না। তা হয়ে ওঠে সমগ্র রাষ্ট্রের। রাষ্ট্র পরিচালনায় এই অন্তর্ভুক্তিমূলক মনোভাব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। তবে এই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একক দায়িত্ব কেবল সরকারি দলের নয়। এখানে বিরোধী দলগুলোরও সমান দায়িত্ব রয়েছে।
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের ভুলত্রুটির সমালোচনা করার সর্বোত্তম মঞ্চ হলো জাতীয় সংসদ। বিরোধী দলের প্রধান ক্ষেত্র হওয়া উচিত সংসদীয় বিতর্ক, রাজপথের সংঘাত নয়। আন্দোলনের নামে আবারও রাজপথ উত্তপ্ত করা হলে দেশের ক্ষতি হবে। তা ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ক্ষমতা পরিবর্তনের একমাত্র সাংবিধানিক উপায় হলো নির্বাচন। আর সরকারের নীতির বিরোধিতা করার জায়গা হলো সংসদ। সংসদ কার্যকর হলে রাজনীতিতে সংলাপের সংস্কৃতি শক্তিশালী হয়। এতে রাজপথনির্ভর সংঘাতের প্রয়োজনীয়তা কমে আসে।
বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে একদিকে রয়েছে দীর্ঘদিনের অপশাসনের ধ্বংসস্তূপ। অন্যদিকে রয়েছে একটি গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে হলে আমাদের বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতেই হবে।
ভবিষ্যৎ করণীয় হিসেবে প্রথমত, সরকারকে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলগুলোর মতামতের প্রতি পরমতসহিষ্ণুতা দেখাতে হবে। বর্তমান সংসদ নেতা অলরেডি এই প্রক্রিয়া শুরু করেছেন। দ্বিতীয়ত, বিরোধী দলগুলোকে সরকার পতনের চটজলদি হুমকি দেওয়ার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে আইন প্রণয়নে অংশ নিতে হবে। তৃতীয়ত, দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি জাতীয় পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। এর ফলে ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক নীতিগুলো অপরিবর্তিত থাকবে।
সর্বোপরি, আমাদের মনে রাখতে হবে—ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র অনেক বড়। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিপক্ষকে ‘শত্রু’ ভাবার ধ্বংসাত্মক সংস্কৃতি পরিহার করতে হবে। এই দেশ যদি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে, তবে সেই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে কারও কোনো লাভ হবে না। তাই আজ সবার দাবি—প্রতিযোগিতা থাকুক কিন্তু বিভাজন নয়; মতভেদ থাকুক কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণের প্রশ্নে বজায় থাকুক এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য।
পাঠকের মন্তব্য