![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই, তবে সেই সমস্যার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশও উন্নত দেশগুলোর কাতারে পৌঁছাতে সক্ষম হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সভায় প্রধানমন্ত্রী ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধানের নির্দেশ দেন।
এ লক্ষ্যে জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তাৎক্ষণিক সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনের ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, উন্নত সরঞ্জাম সরবরাহ, সিন্ডিকেট ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবি জানান।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের উদ্যোগে সব সমস্যার সমাধান সম্ভব নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদাহরণ হিসেবে তিনি গুলশান লেকের কথা উল্লেখ করে বলেন, অনেক সময় শিক্ষিত মানুষও অসচেতনভাবে লেকে আবর্জনা ফেলেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, “দেশকে পরিবর্তন করতে হলে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। সবাই সচেতন হলে উন্নয়নের পথ আরও সহজ হবে।”
সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য