![]()
স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষকে উন্নত বিশ্বের মানের স্বাস্থ্যসেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৬ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন-এলএমআইসিএস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে এখনো চিকিৎসা যন্ত্রপাতি ও প্রযুক্তির ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা রয়ে গেছে। সমুদ্র-সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং রোগ নির্ণয় (প্যাথলজি) খাতের প্রয়োজনীয় উপকরণ এখনো আমদানি করতে হচ্ছে।
তিনি বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পর দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমাদের নিজস্ব প্রযুক্তি ও স্বাস্থ্যসামগ্রী উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন উদ্ভাবন ও গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করছেন এবং এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা দিতে আগ্রহী।
তিনি বলেন, স্বাস্থ্যবিজ্ঞানে স্থানীয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যযন্ত্রপাতি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকলেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাঠকের মন্তব্য