![]()
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে এমন নকশা করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মন্তব্য