![]()
বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়েছে মিশর। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহামেদ সালাহর দল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে, যেখানে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে জয় তুলে নেয় ফারাওরা।
টাইব্রেকারের শুরুতেই কৌশলী সিদ্ধান্ত নেন মিশরের অধিনায়ক মোহামেদ সালাহ। টসে জিতে তিনি আগে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে। সেই সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়, কারণ প্রথম শটেই লক্ষ্যভ্রষ্ট হন অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার। এরপর দুই দলের খেলোয়াড়রা গোল করলেও তৃতীয় শটে পানেনকা কিকে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন সালাহ। তার পরপরই অস্ট্রেলিয়ার লুকাস হেরিংটনের শট বাইরে চলে যায়। শেষ শটে আবদেল মাজিদ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ালে ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে ইতিহাস গড়ে মিশর।
নির্ধারিত সময়েও এগিয়ে ছিল মিশর। ম্যাচের ১২তম মিনিটে কারিম হাফিজের ফ্রি-কিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ইমাম আশুর। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিশর। তবে দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে সেটপিস থেকে আসা বলে আত্মঘাতী গোল করেন মোহামেদ হানি, ফলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে এটি ছিল হানির দ্বিতীয় আত্মঘাতী গোল।
ইনজুরি সময়ে জয়সূচক গোলের দারুণ সুযোগ পেয়েছিল মিশর। সালাহর নিখুঁত পাসে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানের মুখোমুখি হয়েছিলেন রাবিয়া। তবে রায়ানের দুর্দান্ত সেভে সেই সুযোগ নষ্ট হয়। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মিশর।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিল আরব-আফ্রিকার দেশটি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।
পাঠকের মন্তব্য