![]()
ই-বাংলাদেশ ডেস্ক
লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকার জন্য ২০২৬ বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ। তবে বিদায়ের আলোচনা নয়, বরং মেসিকে যতদিন পাওয়া যাচ্ছে ততদিন তার প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার ও মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দে পল।
বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে পল বলেন, এখনই মেসিকে ছাড়া ভবিষ্যতের কথা ভাবার কোনো প্রয়োজন নেই। তার মতে, মেসির উপস্থিতিই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি এবং তাকে ঘিরে প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত।
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। তিন ম্যাচে ছয় গোল করে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেন এই কিংবদন্তি।
দে পল বলেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লিও মেসিকে প্রতিদিন উপভোগ করা। ঠিক যেমনটা প্রতিটি আর্জেন্টাইন করে। আমরা সাধারণত কোনো কিছু হারিয়ে ফেলার পরই তার মূল্য বেশি বুঝতে পারি। কিন্তু এখন তো সে আমাদের সঙ্গে আছে, আর আমরা সবাই সেটাই উপভোগ করছি।”
মাঠে সবসময় মেসির পাশে থাকায় সমর্থকদের কাছে ‘মেসির দেহরক্ষী’ নামেও পরিচিত দে পল। গত বছর স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দেন মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে। ফলে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।
মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে দে পল বলেন, “লিওনেল মেসির ভালো বন্ধু হতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোর একটি। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। মাঠে ও মাঠের বাইরে তার সঙ্গে এত মুহূর্ত ভাগাভাগি করতে পেরেছি। এটি আমাকে সত্যিই গর্বিত করে।”
এদিকে নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না দে পল। তিনি জানান, ড্র হওয়ার সময় তাদের ধারণা ছিল স্পেন বা উরুগুয়ের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।
দে পলের ভাষায়, “আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা গ্রুপ পর্বে অসাধারণ ফুটবল খেলেছে। নিজেদের প্রতিপক্ষের বিপক্ষে তারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। তাই আগামীকালের ম্যাচে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে। কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।”
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা এখন পুরোপুরি মনোযোগী নকআউট পর্বের লড়াইয়ে। আর সেই যাত্রায় লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স ধরে রাখার প্রত্যাশাই করছেন আর্জেন্টিনা সমর্থকরা।