![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুলাই।
শুক্রবার রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো।
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে আবেগ রয়েছে, বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে, তা বিশ্বব্যাপী পরিচিত। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলকেও ঘিরে একই রকম উন্মাদনা তৈরি হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিলে ফুটবল কেবল প্রতিযোগিতার বিষয় নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উদযাপনের প্রতীক। তিনি ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, প্রিয় দলকে সমর্থন করুন, তবে প্রতিদ্বন্দ্বিতা যেন শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ থাকে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে। তিনি বাংলাদেশের ফুটবলের আরও উন্নতি এবং তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, এই টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; বরং এভিয়েশন খাতের দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার একটি কার্যকর উদ্যোগ।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। এই খাতের পেশাজীবীদের মধ্যে কর্মক্ষেত্রের বাইরেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্ট ডিরেক্টর এবং এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, আন্তর্জাতিক মানের এই আয়োজনকে ভবিষ্যতে এভিয়েশন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া আসরে পরিণত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।
এ ছাড়া টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন ও প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব। পাশাপাশি ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান, এভিয়েশন এক্সপ্রেস, ওয়াদা ইনস্যুর, ট্রাভেল পোর্ট, ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ফেমাস ক্রিয়েশন বিভিন্ন সহযোগী হিসেবে টুর্নামেন্ট বাস্তবায়নে যুক্ত রয়েছে।
পাঠকের মন্তব্য